যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধ নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধ নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান চাইছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানান। তিনি বলেন, ওমানের সঙ্গে হরমুজ ইস্যুতে আলোচনা চলছে।

ওমানের সঙ্গে চলমান আলোচনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসানে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এই জলপথে জাহাজ চলাচল এখনো ব্যাপকভাবে সীমিত। এ পরিস্থিতিতে ইরান ও ওমান প্রণালিটি দিয়ে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো তীব্র বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। তবে দীর্ঘমেয়াদি কোনো সমঝোতার দিকে এখনো কোনো পক্ষই স্পষ্টভাবে এগোয়নি।

এ অবস্থায় কূটনীতির মাধ্যমে এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ তৈরি করা যায় কি না, এখন তা খতিয়ে দেখছে তেহরান।

হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি পেশ করেছে তেহরান ।

হরমুজ পুনরায় উন্মুক্ত করার বিষয়টি বেশ কিছু শর্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তেহরান বলছে, যুদ্ধবিরতি কার্যকর রাখার পাশাপাশি স্থায়ীভাবে যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি সই হয়েছিল, ইরানের ওপর পুনরায় হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন সেটি লঙ্ঘন করেছে।

ফলে যুক্তরাষ্ট্রকে এখন ক্ষতিপূরণ দিতে হবে। তবেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে তেহরান।

ইরানের নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাকের জুলকাদর দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র তার ‘আচরণ সংশোধন’ না করা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে পুনরায় নৌযান চলাচল শুরু হবে না।

তিনি আরো বলেন, জলপথটি উন্মুক্ত করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয়টি দাবি পূরণ করতে হবে।

সেগুলোর মধ্যে রয়েছে: ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করা, ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের অবরুদ্ধ সম্পদ ছেড়ে দেওয়া।

এদিকে, স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা/দ্য সানডে গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন