দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক।
স্থানীয় কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইস্কুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায়। খনিটি অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছেন নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার।
গভর্নর এসকোবার জানিয়েছেন, খনিতে উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্ঘটনার পর আরো ১২ থেকে ১৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নারিনোর দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো এ তথ্য জানিয়েছেন।
কাস্তিয়ো বলেন, দুর্ঘটনা মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। তবে যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে।
সান্তা বারবারা দে ইস্কুয়ান্দে ঘন বৃষ্টিবনে ঘেরা একটি এলাকা। সেখানে নৌকা অথবা ছোট বিমানে করে যাওয়া যায়। দুর্গম অবস্থানের কারণে উদ্ধার ও জরুরি তৎপরতা পরিচালনায় যোগাযোগ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অনানুষ্ঠানিক’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন বাঁচানো, তাদের পরিবারের পাশে থাকা এবং এই মর্মান্তিক ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিত করা।’
কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খনির কার্যক্রম বেশ প্রচলিত। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকে না। ফলে সেখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের এক খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

