সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকায় ধূলিঝড়, প্রবল বাতাস ও দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
এনসিএম জানিয়েছে, রিয়াদ অঞ্চলের কয়েকটি গভর্নরেটে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধুলাবালিবাহী বাতাস বয়ে যেতে পারে। এ সময় জনসাধারণকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায় বজ্রঝড় অব্যাহত থাকায় জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মদিনা, তাবুক, আল-জাওফ, হাইল ও নর্দার্ন বর্ডার্স অঞ্চলের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে এনসিএমের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
এনসিএম জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু এলাকায় বজ্রঝড়ের সঙ্গে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাস হতে পারে।
এ ছাড়া আল-জাওফ, হাইল, নর্দার্ন বর্ডার্স, উত্তর কাসিম এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় শক্তিশালী বাতাসসহ হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে সৌদি আরবের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আল-জাওফ অঞ্চলের সাকাকা শহর, এর আশপাশের এলাকা ও কয়েকটি প্রশাসনিক কেন্দ্রে হালকা বৃষ্টি হয়েছে। এর আগে বুধবার রাতে আল-কুরাইয়াত গভর্নরেটে মাঝারি মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
নর্দার্ন বর্ডার্স অঞ্চলের তুরাইফ গভর্নরেটেও সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে উপত্যকা ও জলধারাগুলোতে পানি প্রবাহিত হয়েছে। এতে সেখানকার উদ্ভিদ ও প্রাকৃতিক পরিবেশে প্রাণচাঞ্চল্য ফিরেছে বলে জানিয়েছে এসপিএ।
এদিকে এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, চলতি শরতে সৌদি আরবে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। সংস্থাটি জানিয়েছে, অক্টোবর মাসে দেশটিতে বর্ষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত এনসিএমের জলবায়ু পূর্বাভাসে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে। এর মধ্যে অক্টোবরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু এলাকায় মুষলধারে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অক্টোবরে জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, তাবুক, আল-জাওফ, হাইল, কাসিম ও নর্দার্ন বর্ডার্স অঞ্চলের পাশাপাশি রিয়াদ, পূর্বাঞ্চল ও নাজরানের কিছু এলাকাতেও স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
নভেম্বরেও জাজান, আসির, আল-বাহা, মক্কা, আল-জাওফ, হাইল, কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এনসিএম জানিয়েছে, পূর্বাভাস দেওয়া এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে। কোথাও কোথাও বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী মাত্রায় পৌঁছাতে পারে।
তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘমেয়াদি জলবায়ু মডেলে স্থানীয় বা অস্বাভাবিক আবহাওয়ার সব ধরনের পরিস্থিতি সবসময় পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে। তাই বাসিন্দা ও দর্শনার্থীদের স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আরব নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


