পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হচ্ছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এমন অভিযোগ করেছেন ইমরান খানের দুই ছেলে ছেলে কাসিম খান ও সুলাইমান খান। তারা বলেন, দেশটির সেনাপ্রধানের আক্রশের কারণে কারাগারে ইমরান খানের প্রতি কঠোর আচরণ করা হচ্ছে। তাদের বাবাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
ইমরান খান ২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে আদিয়ালা কারাগারে বন্দি। দুর্নীতির মামলায় তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন। ছেলেদের দাবি, ছয় মাসেরও বেশি সময় ধরে তারা বাবার সঙ্গে কথা বলতে বা দেখা করতে পারেননি। চোখের গুরুতর সমস্যার চিকিৎসার জন্য নিরপেক্ষ চিকিৎসকের সুযোগও তাকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা ।
লন্ডন থেকে দ্য গার্ডিয়ানের সঙ্গে আলাপকালে কাসিম ও সুলাইমান বলেন, ইমরানকে ৬ বাই ৮ ফুটের একটি কক্ষে প্রায় একাকী রাখা হয়েছে। তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেন।
তবে পাকিস্তান সরকার এসব অভিযোগকে ‘ভুয়া প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইমরান খান পর্যাপ্ত খাবার, ব্যায়ামের সুযোগ, পারিবারিক সাক্ষাৎ ও নিয়মিত চিকিৎসা পাচ্ছেন।
ইমরানের ছেলেরা এই পরিস্থিতির জন্য বিশেষভাবে সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেছেন। তাদের দাবি, প্রধানমন্ত্রী থাকাকালে মুনিরকে পদচ্যুত করার পর থেকেই দুজনের সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তী সময়ে ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা আরো কঠোর হয়।
ইমরানের চিকিৎসা ও কারাবন্দিত্ব নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে মামলা চলছে। জাতিসংঘের কর্মকর্তারাও তার দীর্ঘদিনের আটক ও কারাবন্দিত্বের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে ইমরানের দল পিটিআই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তার ছেলেরা জানিয়েছেন, তারা বাবার মুক্তির পক্ষে প্রচার চালালেও পাকিস্তানের রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার পরিকল্পনা তাদের নেই।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরিএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


