ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। সেইসঙ্গে জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলায় কলম্বিয়ার অংশগ্রহণ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এক বিবৃতিতে দে লা এসপ্রিয়েলার কার্যালয় জানায়, ইসরাইলের সঙ্গে ‘ঐতিহাসিক জোট’ পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে জেরুজালেমে দূতাবাস স্থাপন করা হবে।
এছাড়া দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে যে মামলা করেছে, তাতে কলম্বিয়ার হস্তক্ষেপও প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরাইল গণহত্যা চালাচ্ছে।
ডানপন্থি ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড দলের নেতা দে লা এসপ্রিয়েলার এই অবস্থান দেশটির বিদায়ী বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নীতির সম্পূর্ণ বিপরীত। পেত্রো গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কঠোর সমালোচক ছিলেন এবং ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



