জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ সৃষ্টির বিরোধিতা করেছে পাকিস্তানসহ ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ ১২টি দেশ। এর পরিবর্তে নির্বাচিত সদস্যপদ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর প্রস্তাব দেয় তারা । বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদকে আরো প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানোই সবচেয়ে ন্যায়সংগত ও গণতান্ত্রিক পথ। বিশেষ করে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
জোটটি নতুন স্থায়ী আসন সৃষ্টির বিরোধিতা পুনর্ব্যক্ত করে এবং নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনায় আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকেই বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে সমর্থন জানায়।
ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে অবস্থান জানিয়ে যুদ্ধাপরাধ ও ব্যাপক নৃশংসতার মতো নির্দিষ্ট পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশগুলো।
আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক—এই ১২টি দেশ যৌথ বিবৃতিতে সই করেছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


