যুক্তরাষ্ট্রের আপত্তি দূর করে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পথ খুলতে রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয়। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, তুরস্কে এস-৪০০ ও এফ-৩৫ একসঙ্গে থাকলে মার্কিন যুদ্ধবিমানের গোপন তথ্য রাশিয়ার হাতে চলে যেতে পারে।
সম্প্রতি ন্যাটো সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের এফ-৩৫ কেনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনার কথা জানান। এরপর এস-৪০০ সমস্যা সমাধানে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে এই উদ্যোগ বাস্তবায়নে বড় বাধা রয়েছে। এস-৪০০ অন্য দেশে পাঠাতে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সমর্থনও গুরুত্বপূর্ণ, কারণ তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে অনেকের আপত্তি রয়েছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার একটি চুক্তি করেছিল সংযুক্ত আরব আমিরাত, তবে সেই চুক্তি গত পাঁচ বছর ধরে কার্যত স্থবির হয়ে আছে।
এদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে।
তুরস্ক বর্তমানে বিশ্বের মাত্র কয়েকটি দেশের একটি, যাদের ভূখণ্ডে রাশিয়ার তৈরি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। এ তালিকায় চীন ও ভারতও রয়েছে।
রাশিয়া ও ইরানের কাছাকাছি অবস্থান এবং ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে তুরস্ক নানা ধরনের হুমকির মুখে রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরেই দেশটি নিজেদের বিমানবাহিনী আধুনিকায়নের চেষ্টা করছে, যার অংশ হিসেবে এফ-৩৫ কেনার আগ্রহ দেখিয়ে আসছে।
তবে চুক্তিটি শেষ পর্যন্ত সফল হবে কি না, তা নির্ভর করছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও তুরস্কের আলোচনার ওপর।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


