যুক্তরাষ্ট্রে বেড়েছে হামের প্রকোপ। এক দশকের মধ্যে প্রথমবারের মতো মৃত্যু দেখলো দেশটি। হামের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে টিকা দেওয়া হয়নি এবং টেক্সাসে এই অত্যন্ত সংক্রামক রোগের প্রাদুর্ভাবের মধ্যে সে আক্রান্ত হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে জানায়, উত্তর-পশ্চিম টেক্সাসের লাবোক শহরে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্কুলপড়ুয়া ওই শিশু রাতে মারা যায়।
এই বছর টেক্সাস ও এর পাশের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হামে আক্রান্ত ১৩০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে, যাদের প্রায় সবাই টিকা নেননি।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণের সংখ্যা প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ এক হাজার ২৭৪-এ পৌঁছয়। তবে কভিড-১৯ মহামারির সময় তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ২০২৪ সালে দেশটিতে ২৮৫টি হাম আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২৩ সালের ৫৯ ও তার আগের বছরের ১২১টির তুলনায় অনেক বেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

