কানাডার ভ্যাঙ্কুভারে অপরিচিত পরিবারের সঙ্গে বাড়ি কিনে স্বপ্নপূরণ এলিজাবেথের

কানাডার ভ্যাঙ্কুভারে অপরিচিত পরিবারের সঙ্গে বাড়ি কিনে স্বপ্নপূরণ এলিজাবেথের
পুলম্যান পরিবার (বামে) এবং উইলকক্স পরিবার (ডানে)Ñ একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই যৌথভাবে একটি বাড়ি কিনেন। ছবি-বিবিসি

বাড়ির দাম আকাশছোঁয়া। একার আয়ে পছন্দের বাড়ি কেনা সম্ভব নয়। তাই অভিনব এক পথ বেছে নিয়েছেন কানাডার দুই পরিবার। আগে কখনো পরিচয় ছিল না এমন আরেকটি পরিবারের সঙ্গে মিলে কিনেছেন স্বপ্নের বাড়ি। এখন একই বাড়িতে দুই পরিবারের বসবাস, ভাগাভাগি করে চলছে ঋণ পরিশোধ, সংসারের খরচ ও বাড়ির দেখভাল।

কানাডার ভ্যাঙ্কুভারের বাসিন্দা এলিজাবেথ ও টম উইলকক্স নিজেদের দুই সন্তানকে নিয়ে এমন একটি বাড়িতে থাকতে চেয়েছিলেন, যেখানে শিশুদের খেলাধুলার জন্য পেছনে খোলা জায়গা বা বাগান থাকবে। কিন্তু শহরটিতে বাড়ির অতিরিক্ত দামের কারণে তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না।

বিজ্ঞাপন

স্বাস্থ্যসেবা খাতের প্রকল্প ব্যবস্থাপক এলিজাবেথ বলেন, তারা এমন একটি বাড়ি চেয়েছিলেন, যেখানে ট্রাম্পোলিন বসানোর মতো জায়গাসহ বাগান থাকবে এবং আশপাশে হেঁটে চলাচলের সুবিধা থাকবে। কিন্তু তাদের একার পক্ষে এমন বাড়ি কেনা সম্ভব ছিল না। তাদের বাজেট ছিল ১০ লাখ কানাডীয় ডলার, যা দিয়ে বড়জোর বারান্দাসহ একটি ছোট অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব হতো।

এ অবস্থায় অন্য একটি পরিবারের সঙ্গে যৌথভাবে বাড়ি কেনার চিন্তা করেন এলিজাবেথ। স্থানীয় একটি আবাসন প্রতিষ্ঠানের ই-নিউজলেটারে বিজ্ঞাপনও দেন তারা। তবে মনের মতো পরিবারের সন্ধান পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই বছর।

অবশেষে অ্যাশলি পুলম্যান, তার স্বামী ও দুই সন্তানের সঙ্গে পরিচয় হয় উইলকক্স পরিবারের। দুই পরিবারের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়ায় যৌথভাবে বাড়ি কেনার সিদ্ধান্ত নেন তারা। ২০২৩ সালে দুই পরিবার মিলে ভ্যাঙ্কুভারে ছয় শয়নকক্ষের একটি স্বতন্ত্র বাড়ি কেনেন। পেছনে রয়েছে বড় বাগান। বাড়িটির দাম ছিল ১৮ লাখ ৫০ হাজার কানাডীয় ডলার।

বাড়ি কেনার জন্য ২ লাখ ৫০ হাজার কানাডীয় ডলার ডাউন পেমেন্ট বা প্রাথমিক জমা দেন দুই পরিবার। এ অর্থ তারা সমানভাবে ভাগ করে নেন। বর্তমানে প্রতি মাসে ৩ হাজার ৯০০ কানাডীয় ডলারের বন্ধকী ঋণের কিস্তিও সমানভাবে পরিশোধ করছেন। বিদ্যুৎ, পানি, অন্যান্য বিল এবং বাড়ির মেরামতের খরচও ভাগাভাগি করে দেন তারা।

এলিজাবেথের ভাষ্য, এভাবে বাড়ি কেনার ফলে দুই পরিবারেরই কয়েক দশ হাজার ডলার সাশ্রয় হয়েছে।

অপরিচিতদের সঙ্গে বাড়ি কেনার প্রবণতা বাড়ছে

কানাডায় আগে থেকে পরিচিত নন, এমন মানুষের সঙ্গে যৌথভাবে বাড়ি কেনার প্রবণতা কতটা বেড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে দেশটির সবচেয়ে বড় শহর টরন্টোতে এ ধরনের উদ্যোগে আগ্রহ বাড়তে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

টরন্টোভিত্তিক অ্যাপ ও ওয়েবসাইট ‘হাসমেটস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পারিমল গোসাল জানান, বাড়ির অতিরিক্ত দামের কারণে অপরিচিত মানুষের সঙ্গে মিলে বাড়ি কেনার বিষয়ে আগ্রহ বাড়ছে। তার প্রতিষ্ঠান এমন মানুষদের মধ্যে যোগাযোগ তৈরি করে দেয়, যারা যৌথভাবে বাড়ি কেনার সম্ভাবনা খুঁজছেন।

গোসালের মতে, বিষয়টিকে মূলত একটি আর্থিক সম্পর্ক হিসেবে দেখা যেতে পারে। এতে ব্যক্তিগত আবেগের চেয়ে আর্থিক বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হয়।

যুক্তরাজ্যেও এ ধরনের উদ্যোগের অস্তিত্ব রয়েছে বলে মনে করেন দেশটির বন্ধকি ঋণ পরামর্শক প্রতিষ্ঠান এলঅ্যান্ডসির ডেভিড হলিংওয়ার্থ। যদিও তার মতে, সেখানে এখনো এটি খুব বেশি প্রচলিত নয়। তিনি জানান, করোনাভাইরাস মহামারির আগে লন্ডনের একটি পানশালায় অপরিচিত মানুষের সঙ্গে যৌথভাবে বাড়ি কেনার আগ্রহীদের জন্য পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানও হয়েছিল।

এক ছাদের নিচে দুই পরিবারের সংসার

বাড়ি কেনার তিন বছর পরও উইলকক্স ও পুলম্যান পরিবার বলছে, তাদের যৌথ বসবাসের ব্যবস্থা বেশ ভালোভাবেই চলছে। বাড়িটিতে দুই পরিবারের জন্য আলাদা কিছু ব্যক্তিগত জায়গা রয়েছে। প্রত্যেক পরিবারের নিজস্ব রান্নাঘরও আছে। তবে নিচতলার বড় বসার ঘরটি তারা একসঙ্গে ব্যবহার করেন। সেখানে এক পাশে রয়েছে ব্যায়ামের সরঞ্জাম এবং একটি যৌথ ফ্রিজার।

এলিজাবেথ বলেন, কেউ যদি ব্যায়াম করার জন্য নিচতলায় থাকার কথা জানান, তাহলে অন্যরা কিছু সময় সেখানে যাওয়া থেকে বিরত থাকেন। এ নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। অ্যাশলি পুলম্যানও জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি। তার স্বামী ও তিনি শুরু থেকেই মনে করেছিলেন, অপরিচিত মানুষের সঙ্গে এক বাড়িতে বসবাস করার মতো মানসিকতা তাদের রয়েছে।

বাড়ি নিয়ে নিয়মিত বৈঠক, আছে আইনি চুক্তিও

টরন্টোর বাসিন্দা সাবরিনা বোম্যান ২০১৮ সাল থেকে আরও দুজনের সঙ্গে যৌথভাবে একটি বাড়ির মালিক। বাড়িটি কেনার সময় অন্য দুজনের একজনের সঙ্গে তার আগে কোনো পরিচয় ছিল না।

পেশায় ফ্রিল্যান্স ব্যবসায়িক পরামর্শক সাবরিনা জানান, তিনজনের আয়ের পরিমাণ বিবেচনা করে বাড়ির ডাউন পেমেন্ট ও বন্ধকি ঋণের কিস্তি ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে ব্যক্তিগত আর্থিক হিসাব প্রকাশ করতে চাননি তিনি।

বাড়ির কাজকর্ম, আর্থিক বিষয় কিংবা কোনো মতবিরোধ তৈরি হলে তা দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করেন তারা। এ জন্য নিয়মিত বৈঠকও করেন। সেখানে ঘরের কাজ ভাগাভাগি, আর্থিক হিসাব, জন্মদিন উদ্‌যাপন এবং পারস্পরিক মতপার্থক্য নিয়ে আলোচনা হয়।

সাবরিনা বলেন, বাড়িতে কোনো সমস্যা হলে তা নিয়ে খোলামেলা কথা বলা এবং সবাই মিলে সমাধান বের করাই তাদের কাছে গুরুত্বপূর্ণ।

তবে যৌথভাবে বাড়ি কেনার ক্ষেত্রে শুধু পারস্পরিক বোঝাপড়াই যথেষ্ট নয়। ভবিষ্যতে কেউ বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে বা নিজের অংশ বিক্রি করতে চাইলে কী হবে, সে বিষয়েও দুই পরিবারের মধ্যে আইনি চুক্তি রয়েছে।

টরন্টোর আবাসনবিষয়ক আইনজীবী তানিয়া ওয়াকার বলেন, এ ধরনের যৌথ মালিকানার ক্ষেত্রে আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি থাকা অত্যন্ত জরুরি। শুধু ই-মেইল বা ফেসবুক বার্তার ওপর নির্ভর করলে ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা সমাধান করা কঠিন হতে পারে।

তিনি জানান, বাড়ির কোনো মালিক চলে যেতে চাইলে কত দিন আগে নোটিশ দিতে হবে, সে বিষয়গুলো চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত। সাবরিনার বাড়ির চুক্তিতে আরো বলা হয়েছে, কেউ নিজের অংশ বিক্রি করতে চাইলে অন্য অংশীদারদের আগে সেটি কেনার সুযোগ দিতে হবে।

অন্যদিকে ভ্যাঙ্কুভারে উইলকক্স ও পুলম্যান পরিবারের মধ্যে কেউ কত দিন বাড়িটিতে থাকবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

এলিজাবেথ বলেন, বর্তমান ব্যবস্থা ও বাড়ির অবস্থান নিয়ে দুই পরিবারই খুশি। তাই এখান থেকে চলে যাওয়ার কথা ভাবাও কঠিন।

সন্তানদের প্রথমবার ট্রাম্পোলিনে লাফাতে দেখা কিংবা বাড়ির সবুজ ঘাসের ওপর আনন্দে ছোটাছুটি করতে দেখার অনুভূতির কোনো আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...