যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আকস্মিক বন্যায় দু’জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয়। সেইসঙ্গে ছিলো ঝড়ো বাতাস। খবর জিও নিউজের।
ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বহু এলাকা। এতে রাস্তায় আটকে পড়ে অসংখ্য গাড়ি। মেট্রো সাবওয়েতে পানি ঢুকে গেছে।
আকস্মিক বন্যার কারণে বিমানবন্দর, মোটরওয়ে এবং রেল যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটে। পানির তোড়ে যানবাহন আটকে যাওয়ায় জরুরি কর্মীরা সোম ও মঙ্গলবার রাতভর কাজ করেন।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে এক ঘন্টার মধ্যে দুই ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ৬০ মিনিটের মধ্যে রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।
ফুটেজে সোমবার সন্ধ্যায় বেশ কয়েকটি ভূগর্ভস্থ স্টেশনে বন্যার পানি ঢুকে পড়তে দেখা গেছে। যার মধ্যে নিউইয়র্কের ম্যানহাটনের পশ্চিম পাশের একটি স্টেশনও রয়েছে।
অ্যাডামস জানান, ‘আমি সম্ভবত আগে এতো বৃষ্টিপাত দেখেছি বলে মনে করতে পারছি না।’
নিউ জার্সির গভর্নর ফিল মারফি তার রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, নিউ জার্সির প্লেইনফিল্ডে গাড়ি বন্যার পানিতে ভেসে যাওয়ায় দুইজন মারা গেছেন।
নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং আশপাশের রাজ্যগুলোতে জারি করা হয়েছে আকস্মিক বন্যার সতর্কতা ও সতর্কবার্তা।
এদিকে, বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় নিউইয়র্ক শহরে কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ রাখা হয়, আর কিছু লাইন চলছিল দীর্ঘ বিলম্বে।
নিউইয়র্কের কিছু প্রধান সড়ক, যেমন সো মিল রিভার পার্কওয়ে ও ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ের কিছু লেন বন্ধ করে দেওয়া হয়। কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



