ওমরাহ ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি

ওমরাহ ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি

পর্যটন খাতকে আরো গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এই ভিসার মেয়াদ হবে এক বছর (৩৬৫ দিন)। এর ফলে ভিসাধারীরা নির্ধারিত সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

বিজ্ঞাপন

সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন এই ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে, যার মাধ্যমে ধর্মীয় পর্যটনের পাশাপাশি দেশের পর্যটন শিল্পকে আরো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি নির্ধারিত প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। এছাড়া সফরের আগে একই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক।

তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। আরবি মাস জিলকদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসার ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময় ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের জন্য এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সূত্র: গালফ নিউজ

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন