যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও সিনেটর অ্যামি ক্লোবুচার। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী লিসা ডেমুথকে হারিয়ে রাজ্যটির প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।
৬৬ বছর বয়সি ক্লোবুচারের এই জয়ের মধ্য দিয়ে মিনেসোটার গভর্নরের কার্যালয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকছে। ২০০৬ সালের পর রাজ্যটিতে কোনো রিপাবলিকান গভর্নর নির্বাচিত হননি।
নির্বাচনি প্রচারে ক্লোবুচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরোধিতা এবং সরকারি অর্থের অপচয় ও জালিয়াতি বন্ধের অঙ্গীকার করেন। তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং রাজ্যের স্বার্থ রক্ষায় তিনি পিছপা হবেন না।
২০০৬ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হন ক্লোবুচার। পরে ২০১২, ২০১৮ ও ২০২৪ সালেও পুনর্নির্বাচিত হন তিনি। ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার লড়াইয়েও অংশ নিয়েছিলেন তিনি।
সূত্র: এনবিসি নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


