শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ইরানের অধিকার: পাকিস্তান

শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ইরানের অধিকার: পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, জাতিসংঘ সনদের অধীনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ইরানের রয়েছে। রোববার পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে তিনি একথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি অর্জনে ইরানের পূর্ণ অধিকার রয়েছে। শান্তিপূর্ণ লক্ষ্যে পারমাণবিক শক্তি অর্জনের ক্ষেত্রে পাকিস্তান ইরানের সঙ্গে রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, সুসময়ে সকলেই বন্ধু হয়; প্রকৃত বন্ধু হলেন তিনি, যিনি কঠিন সময়েও পাশে থাকেন।

ইরানের সাম্প্রতিক ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এ হামলা সম্পূর্ণ অযাচিত।’

সন্ত্রাসবাদ বিষয়ে ইসলামাবাদ এবং তেহরানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘পাকিস্তান বা ইরানের মাটিতে কোন কোন ধরণের সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’

এসময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ইসরাইলি বর্বরতার শিকার নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন দেওয়ায় ইরানের প্রশংসা করেন। সেইসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করেন।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের সময় ইরানের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, রোববার দু’দেশের মধ্যে হওয়া চুক্তি এবং সমঝোতা স্মারক ইরান ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন। এসময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।

উভয় পক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন