
ট্রাম্পের কাছে সহায়তার আর্জি জানিয়ে আরেকটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে মার্কিনিদের উদ্দেশে ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে স্বৈরাচারী ইরানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে ইসরাইল।
তিনি আরো বলেন, আমাদের যারা শত্রু, তারা আপনাদেরও শত্রু। আমরা এমন এক হুমকির মোকাবিলা করছি, যা আমাদের সবাইকে এখন কিংবা বা পরে বিপদের মুখে ফেলবে।

ভারত মহাসাগরে ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে হানতে সহায়তাকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার আটক করেছে ইরানি নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
শনিবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানি নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ার আটক করেছে। এটি ইরানি ভূখণ্ডের দিকে ছোড়া ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করছিল।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, প্রথম নৌ অঞ্চলের জনসংযোগ অফিসের এক বিবৃতি অনুসারে, শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা ব্যবস্থা ডেস্ট্রয়ারটিকে সনাক্ত করে এবং পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগে যুদ্ধ ড্রোন দ্বারা সতর্ক করে।
এক পর্যায়ে ওমান সাগরে ট্র্যাক করার পর জাহাজটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং ইরানি নৌবাহিনী সেটিকে আটক করে।
তবে ব্রিটিশ নৌবাহিনী এই ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার রাতে এ হামলা চালায় তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর তেল ডিপোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

উত্তর ইসরাইলে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)। তবে গ্রুপটির সদস্য হলেও ভারত ভিন্নমত পোষণ করেছে এবং গ্রুপের পক্ষ থেকে দেয়া বিবৃতি সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে।
শুক্রবার ভোরে হঠাৎ করেই ইরানে হামলা চালায় ইসরাইল। এতে দেশটির সশস্ত্রবাহিনীর প্রধানসহ কয়েকজন জেনারেল ও পরমাণু বিজ্ঞানী মিলে শতাধিক মানুষ প্রাণ হারায়। যার মধ্যে অন্তত ২০টি শিশু রয়েছে। এ অবস্থায় শনিবার ইসরাইলি হামলার নিন্দা জানায় সাংহাই সহযোগিতা সংস্থা।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সংস্থাটির সদস্য দেশগুলো মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরাইলের এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে এসসিও।
এসসিও আরো বলেছে, ইসরাইলি হামলাগুলো "বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ"। সেইসঙ্গে "ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষতি করে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।"
এতে আরও বলা হয়েছে, “এসসিও’র সদস্য দেশগুলো শান্তিপূর্ণ, রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিস্থিতির সমাধানের জন্য দৃঢ়ভাবে সমর্থন করে।” এবং ইরানের জনগণ এবং সরকারের প্রতি “আন্তরিক সমবেদনা” প্রকাশ করে।
ব্লকটি আরো নিশ্চিত করেছে যে, তারা “এসসিও-ভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পরিচালিত যেকোনো বেআইনি পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করে” এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তবে, ভারত বিবৃতি থেকে নিজেকে বিরত রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এসসিও ঘোষণাপত্রের আলোচনায় অংশ নেয়নি।
“এই বিষয়ে ভারতের নিজস্ব অবস্থান একই রয়েছে,” বলেছে মন্ত্রণালয়। “আমরা উত্তেজনা হ্রাসের জন্য সংলাপ এবং কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করার আহ্বান জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই দিকে প্রচেষ্টা চালানো অপরিহার্য।”
ভারত এখন পর্যন্ত হামলার জন্য ইসরাইলের নিন্দা করা থেকে বিরত থেকেছে; তবে বারবার সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।
২০০১ সালে প্রতিষ্ঠিত এসসিও’র সদস্য রাষ্ট্র ১০টি। দেশগুলো হলো- চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান ও বেলারুশ। ইরান ২০২৩ সালে সংস্থাটির পূর্ণ সদস্যপদ পায়।
ইরান ও ইসরাইলের হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মাঝে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে জর্ডান।
দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে জর্ডানের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

ইসরাইলি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান ও জিও নিউজ এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার ইসরাইলি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে চীনা মন্ত্রী ওয়াং ই বলেছেন যে, চীন "তার (ইরান) বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায়" তেহরানকে সমর্থন করবে।
অপর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারকে ওয়াং ই বলেছেন, বেইজিং "ইরানের ওপর বল প্রয়োগে" ইসরাইলের পদক্ষেপের বিরোধিতা করে।

ইসরাইলকে লক্ষ্য করে শনিবার রাতে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে দেশটির বন্দর নগরী হাইফাকে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, প্রাথমিক তথ্যে তারা জানতে পেরেছে উপকূলীয় শহর হাইফা এবং এটির পাশের শহর তামরায় মিসাইল আঘাত হেনেছে।

ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এ নির্দেশনা মানতে বলা হয়েছে।
শনিবার রাতে তাদের নতুন করে এমন নির্দেশনা দেওয়া হয়। এর আগে গতকাল রাতে যখন ইরান কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল তখনও একই রকমের নির্দেশনা জারি করা হয়েছিল।

ইসরাইলকে লক্ষ্য করে টানা দ্বিতীয়দিনের মতো মিসাইল ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি নতুন মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইসরাইলের দিকে যাচ্ছে মিসাইল।

ইসরাইলের ১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় ১০টি ইসরাইলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত এক ঘণ্টায় বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ইউনিটের যৌথ অভিযানে ১০টি শত্রু বিমান শনাক্ত ও গুলি করে নামানো হয়েছে। এসব বিমান ইসরাইলের গোয়েন্দা ও হামলাকারী ড্রোন বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়, গুলি করে নামানো ড্রোনগুলো দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলের আকাশে সক্রিয় ছিল এবং তারা ইরানের কৌশলগত স্থাপনার ওপর নজরদারি ও হামলার চেষ্টা করছিল।

রোববার ওমানের রাজধানী মাস্কটে পূর্বনির্ধারিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে না বলে জানানো হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি শনিবার এক্স-এ দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা ও আল জাজিরা এ খবর দিয়েছে। দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনায় মধ্যস্থতা করছিল ওমান।
খবরে বলা হয়েছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, সেজন্য দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার জন্য শুক্রবার ভোর থেকে তেহরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ওই হামলায় দেশটির সশস্ত্রবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এমন প্রেক্ষাপটে পূর্বনির্ধারিত পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে বলে আলবুসাইদির বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে।
তিনি মনে করেন, যেমন আমিও মনে করি, ইসরাইল-ইরান যুদ্ধ শেষ হওয়া উচিত। আর আমি তাকে বুঝিয়ে বলেছি, তার যুদ্ধটিও শেষ হওয়া উচিত।