ফিলিস্তিনজুড়ে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ত ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি প্রশ্ন তুলেছেন, ইসরাইলের এই বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় আর কতদিন মুখ বুজে বসে থাকবে।
বৃহস্পতবার জাতিসংঘের মঞ্চে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘কিছু দেশ আর কতদিন ইসরাইলের বিষয়ে নীরব থাকবে কিংবা আমাদের নিরপরাধ জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য তাদের কাছে অব্যাহতভাবে মারণাস্ত্র সরবরাহ করবে? গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে যে নজিরবিহীন মানবিক বিপর্যয় ও চরম ক্ষয়ক্ষতি হয়েছে, তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।’
ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন ও দীর্ঘস্থায়ী দখলদারিত্বের অবসানে আন্তর্জাতিক পদক্ষেপের স্থবিরতা নিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা দেওয়া, নিজেদের পূর্বপুরুষের ভূমিতে তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখা, অবৈধ ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো এবং আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে কিসের জন্য অপেক্ষা করছে?’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই এ অঞ্চলে সবার জন্য টেকসই শান্তি বয়ে আনতে পারে। কিন্তু এর বিপরীতে ইসরাইলি উগ্রপন্থা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও হুমকি বাড়িয়ে তুলছে। তিনি অভিযোগ করেন, ইসরাইলের এই চরমপন্থী শক্তি তথাকথিত ‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে, যা মূলত তাদের ঔপনিবেশিক প্রকল্পকে আরো বিস্তৃত করা এবং ফিলিস্তিনিদের সামগ্রিক অস্তিত্বকেই সম্পূর্ণ মুছে ফেলার নীল নকশা।
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


