ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছরের জন্য বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার জারি করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সংগঠনটি এমন সব কর্মকাণ্ডে জড়িত যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করে। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) ৩ নম্বর ধারার (১) উপধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে আইআরএফ-কে ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা পরবর্তীতে ইউএপিএ ট্রাইব্যুনালেও বহাল থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভারত সরকারের পক্ষ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকারের মতে, আইআরএফ এবং এর সদস্যরা—বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আব্দুল করিম নায়েক ওরফে ড. জাকির নায়েক—ধর্মের ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে বিভেদ, শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহ ও সহায়তা দিয়ে আসছেন, যা দেশের অখণ্ডতা ও নিরাপত্তার পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয়, জাকির নায়েকের বক্তব্য ও ভাষণ আপত্তিকর এবং ধ্বংসাত্মক। তিনি আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক, ইন্টারনেট, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে উগ্র বক্তব্য প্রচার করেছেন এবং ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন বলে অভিযোগ তোলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, আইআরএফ-এর এসব কর্মকাণ্ড অবিলম্বে নিয়ন্ত্রণ না করা হলে সংগঠনটি তাদের পলাতক কর্মীদের পুনরায় সংগঠিত করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও রাষ্ট্রবিরোধী মনোভাব প্রচারের মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া সংগঠনটি বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গিবাদে মদদ দিয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসব কারণ দেখিয়ে অবিলম্বে আইআরএফ-কে ‘বেআইনি সংগঠন’ হিসেবে ঘোষণা করা অপরিহার্য বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সূত্র: এনডিটিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




