‘অপারেশন সিন্দুর’ পরবর্তী সংঘর্ষ বিরতির জন্য পাকিস্তান ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) রাজীব ঘাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। এবার ভারত তাকে আরো বড় দায়িত্ব দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে দেশের নতুন উপসেনাপ্রধান তথা ডেপুটি চিফ অব আর্মি স্টাফ (স্ট্র্যাটেজি) পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ডিজিএমও পদেও বহাল থাকবেন এবং একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
গত সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন পদের ঘোষণা করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ঘাই ভারতীয় সেনার অপারেশনস ও ইন্টেলিজেন্স ডিরেক্টরসহ বিভিন্ন শাখার তত্ত্বাবধান করবেন। বর্তমানে তিনি যে পদে রয়েছেন, সেটি ভারতীয় সেনার অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয়।
রাজীব ২০২৪ সালে ডিজিএমও পদে যোগ দেন এবং তার কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কুমায়ুন রেজিমেন্টের সিনিয়র অফিসার ছিলেন এবং এর আগে শ্রীনগরে চিনার কোরের জেনারেল অফিসার অব কমান্ডিং পদে দায়িত্ব পালন করেছেন। জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
চলতি বছরের শুরুতে তিনি মণিপুর সফর করেন এবং রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে রিপোর্ট পাঠান। তিনি ভারত-মায়ানমার সীমান্তের উপর জোর দেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, রাজ্য নিরাপত্তা উপদেষ্টা, মুখ্যসচিবসহ রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দিন কয়েক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে উত্তম যুদ্ধ সেবা মেডেল পুরস্কার গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

