ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকিতে বিশ্ব: আইইএ প্রধান

আমার দেশ অনলাইন

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকিতে বিশ্ব: আইইএ প্রধান
ছবি: আল জাজিরা

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে অব্যাহত অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এরফলে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

জ্বালানি সংকটের ওপর ইরান যুদ্ধের প্রভাব প্রসঙ্গে বিরোল বলেন, ‘বাজার ইতোমধ্যে দৈনিক এক কোটি ৩০ লাখ ব্যারেল তেল সরবরাহ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ পণ্যগুলোর সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।’

বিজ্ঞাপন

যুদ্ধের আগে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে দুই কোটি ব্যারেল তেল এবং পেট্রোলিয়াম পণ্য চলাচল করত। বিরোলের ভাষায়, এই পথটি এখন কার্যত একটি ‘দ্বৈত অবরোধের’ মধ্যে রয়েছে, যেখানে ইরান বা যুক্তরাষ্ট্র কেউই এই প্রণালিতে জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে দিচ্ছে না।

বিরোল ইউরোপে জেট ফুয়েল সরবরাহের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছেন। তিনি বলেন, এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। তিনি বলেন, ‘ইউরোপ তার জেট ফুয়েলের প্রায় ৭৫ শতাংশ মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলো থেকে পায় এবং এটি এখন কার্যত শূন্য।’ তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে বিকল্প সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে ইউরোপ।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন