ইসরাইলকে অস্থিতিশীলতা তৈরির নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বুধবার সিরিয়ায় ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার অভাব থাকলে কারো নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘গাজা এবং সিরিয়া উভয় ক্ষেত্রেই আমাদের বার্তা স্পষ্ট। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে আমরা কারো নিরাপত্তা নিশ্চিত করতে পারি না। সময় থাকতেই ইসরাইলকে তার অস্থিতিশীলতা সৃষ্টির নীতি পরিত্যাগ করতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের নীতি কেবল এই অঞ্চলের জন্যই নয়, তেলআবিবের জন্যও বিপজ্জনক।
তার মতে, এটি এমন একটি পরিস্থিতি যেখানে সবাইকে আগুনে টেনে আনা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং আঞ্চলিক দেশগুলো অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, ইসরাইলকে থামতে বলতে হবে। অন্যথায়, এই অঞ্চলটি অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হবে বলে সতর্ক করে দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে।
আইডিএফ এর দাবি, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণকে রক্ষায় এ হামলা চালানো হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



