চীনের জে-১০সিই যুদ্ধবিমান এত আলোচনায় কেন

চীনের জে-১০সিই যুদ্ধবিমান এত আলোচনায় কেন

চীনের তৈরি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। যুদ্ধবিমানটির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের সময় জে-১০ যুদ্ধবিমানের গুলিতে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং এ তথ্য এখন প্রমাণিত হয়েছে।

জাহেদ উর রহমান এই তথ্য দেওয়ার পর বিমানটি নিয়ে প্রতিরক্ষা সচেতন মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিমান পেলে বাংলাদেশের আকাশ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

জানা গেছে, চীনের তৈরি চেংদু জে-১০সি বর্তমানে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ একক-ইঞ্জিন বহুমুখী যুদ্ধবিমান। এর রপ্তানি সংস্করণের নাম জে-১০সিই। আকাশযুদ্ধ, ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা—একই বিমান দিয়ে একাধিক ধরনের অভিযান চালানোর জন্য এটি তৈরি করা হয়েছে। আধুনিক রাডার, দূরপাল্লার আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, উন্নত অ্যাভিওনিকস এবং তুলনামূলক কম পরিচালন ব্যয়ের কারণে জে-১০সিইকে অনেক সময় পশ্চিমা ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের বিকল্প হিসেবে দেখা হয়।

জে-১০ কোন ধরনের যুদ্ধবিমান?

জে-১০সিই হলো চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ-এর তৈরি একক-ইঞ্জিনের সুপারসনিক বহুমুখী যুদ্ধবিমান। এর নকশার অন্যতম বৈশিষ্ট্য হলো মূল ডানার সামনে ছোট আকারের অতিরিক্ত নিয়ন্ত্রণ পাখা রয়েছে এবং মূল ডানা ডেলটা আকৃতির। এই নকশা বিমানটিকে উচ্চ গতিতে ভালো নিয়ন্ত্রণ ও দিকপরিবর্তন করতে সাহায্য করে।

উন্নত অস্ত্র বহন সক্ষমতার কারণে সামরিক মহলে নতুন করে আলোচনায় এসেছে চীনের সুপারসনিক, বহুমাত্রিক যুদ্ধবিমান জে-১০সি ফাইটার জেট। জে-১০ ফাইটার জেটের আধুনিক সংস্করণ হিসেবে জে-১০সি প্রথম জনসমক্ষে আনা হয় ২০১৭ সালের জুলাইয়ে। এটি চীনের তৃতীয় প্রজন্মের সুপারসনিক ফাইটার। উন্নত এভিওনিক্স সিস্টেম এবং বিভিন্ন অস্ত্রের সমন্বয়ে এটি স্বল্প ও মাঝারি পাল্লায় কার্যকর। একই সাথে, এটি ভূমি ও সমুদ্র উভয় লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।

জে-১০সিতে একটি ‘বাম্প এয়ার-ইনলেট সিস্টেম’ আছে। জে-১০-এ ছিল অ্যাডজাস্টমেন্ট প্লেটসহ একটি এয়ার ইনটেক সিস্টেম। জে-১০সির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এর অস্ত্র বহনের সক্ষমতায়। যেখানে জে-১০ যুদ্ধবিমানে রাখা যেত ১০টি অস্ত্র। জে-১০সিতে রাখা যাচ্ছে বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি অস্ত্র। পুরনো জে-১০ যুদ্ধবিমানের তুলনায় নতুন জে-১০সি হলো প্রযুক্তির দিক থেকে অনেক আধুনিক। জে-১০সি-এর রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং অস্ত্র—সবকিছুই একদম নতুন প্রজন্মের হিসেবে তৈরি করা হয়েছে।

জে-১০সি আর জে-১০সিই-এর পার্থক্য কী?

জে-১০সি হলো চীনের নিজস্ব বিমানবাহিনীর জন্য ব্যবহৃত সংস্করণ। জে-১০সিই হলো এর বিদেশে বিক্রির জন্য তৈরি সংস্করণ। চীনের বিমানবাহিনী ২০১৮ সালের এপ্রিলে জে-১০সি-কে আনুষ্ঠানিকভাবে যুদ্ধকালীন দায়িত্ব পালনে নেয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানায়, বিমানটি উন্নত অ্যাভিওনিকস এবং বিভিন্ন আধুনিক অস্ত্রে সজ্জিত এবং আকাশ, স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

আলোচনায় থাকার পেছনের কারণ

জে-১০সিই যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি অনেক কম জায়গায় ‘টেক অফ’ করতে পারে।

অর্থাৎ, শত্রুপক্ষ হামলা করলে জে-১০সিই যুদ্ধবিমান অনেক কম সময়ে (রিঅ্যাকশন টাইম) স্বল্প জায়গার মধ্যে ‘টেক অফ’ করতে পারে। েরানওয়ের একটি অংশে শত্রুপক্ষ বোমা হামলা করলেও এই যুদ্ধবিমান অন্য অংশ থেকেই টেক অফ করতে পারবে।

এছাড়া, এই যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্চিন ফাইটার। এর সবচেয়ে বড় সুবিধা হলো ম্যানুভারিং, অর্থাৎ ‘টপ ফাইট’ বা উঁচুতে যুদ্ধ করা যায়। টপ ফাইটের সময় দ্রুতগতিতে প্রচুর টার্নিং নিতে হয়। দ্রুত আকাশে ওঠার ক্ষমতা এই টপ ফাইটে প্রয়োজন। এই যুদ্ধ বিমান এমনভাবে ডিজাইন করা যাতে বিশ্বের প্রায় অধিকাংশ ম্যানুভারিং করা সম্ভব। অর্থাৎ শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া সম্ভব এই বিমান দিয়ে।

আকাশ থেকে আকাশে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকেই এই জে-১০সিই যুদ্ধবিমান সহজে ফাঁকি দিতে সক্ষম এর অ্যারো ডায়নামিকস ডিজাইনের কারণে। এই যুদ্ধবিমান ‘মাল্টিরোল’ ভূমিকাও পালন করে, অর্থাৎ ডিফেনসিভ এবং অফেনসিভ দুই ধরনের কাজই এই যুদ্ধবিমানের মাধ্যমে করা যাবে। এছাড়া, এই যুদ্ধবিমানের আরেকটি বৈশিষ্ট্য হলো শব্দের চেয়ে দ্বিগুণ এর গতিবেগ। অর্থাৎ এই বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় দুই হাজার ৪১৫ কিলোমিটার।

রাফাল এবং জে-১০সি দুটোই চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধবিমান, কিন্তু রাডারের ক্ষেত্রে জে-১০সি বিমান রাফালের চেয়ে শক্তিশালী বলে ধারণা করা হয়। বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে এই যুদ্ধবিমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন