সীমান্ত নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা গভীর নয়। এই টানাপড়েনের মধ্যেই আবার চলছে পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনা। বর্তমান প্রেক্ষাপটে এ অবস্থায় পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখার নিশ্চয়তা দিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদেক খান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্তের প্রতিশ্রুতি আদায় করেছেন বলে জানিয়েছেন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
স্থানীয় সময় রোববার কাবুলে অনুষ্ঠিত হয় চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের প্রথম পর্ব। যেখানে চীনের প্রধান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) কাবুলকে অন্তর্ভুক্ত করে আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কাবুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি, চীনের আফগানবিষয়ক বিশেষ দূত ইউ শিয়াওয়েইং এবং পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক।
বৈঠকে আঞ্চলিক সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়ে হাক্কানি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের অগ্রগতি অর্জন এবং আঞ্চলিক সম্পর্ক জোরদানের জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততা। অপরদিকে, আফগানিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার এবং সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন ও পাকিস্তান। তারা একমত হয়েছে যে, পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় ষষ্ঠ দফা বৈঠক কাবুলে অনুষ্ঠিত হবে।
এ সময়ে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিম সীমান্তে শান্তিপূর্ণ ভাব বজায় রাখার আশ্বাস দেন। পাকিস্তান ও চীনের রাষ্ট্রদূতরা অন্তর্বর্তীকালীন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইসলামাবাদকে কাবুলের ‘অটুট সমর্থনের’ আশ্বাস দেন। পরে আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গেও বৈঠক করেন পাকিস্তান ও চীনের বিশেষ দূতরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

