তেহরানের দাবি

ইরানে হামলা করে ইসরাইলের কোনো লক্ষ্যই পূরণ হয়নি

ইরানে হামলা করে ইসরাইলের কোনো লক্ষ্যই পূরণ হয়নি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানে হামলা চালিয়ে ইসরাইল তার কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানকে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৮০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, নেতানিয়াহুর এমন দাবির প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আরাগচি এমন কথা বলেন।

বিজ্ঞাপন

আরাগচি বলেন, একজন যুদ্ধাপরাধীর পরামর্শ ইরান গ্রহণ করবে, এমন আশা করা অযৌক্তিক।

তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের কী বলা উচিত বা কী করা উচিত নয় সে বিষয়ে ‘প্রকাশ্যে নির্দেশ’ দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘চার দশকের বেশি সময় ধরে চলে আসা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ধ্বংস করার বিষয়ে নেতানিয়াহুর আকাঙ্খা অবাস্তব।’

আরাগচি আরো বলেন, ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা শত শত শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। তারা নেতানিয়াহুকে নিজেদের দক্ষতার প্রমাণ দেবেন।

আরাগচির মতে, নেতানিয়াহুর অহংকার শেষ হয়নি। ইরানে হামলা করার কোন লক্ষ্য অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর, নেতানিয়াহু এখন প্রকাশ্যে নির্দেশ দিচ্ছেন যে ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কী বলা উচিত বা কী করা উচিত নয়।

গত ১৩ জুন, ইসরাইল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা শুরু করে। এতে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন।

জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরাইলে হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হয়।

এরআগে শনিবার আরাগচি ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করা হলে পরমাণু কর্মসূচিতে তাদের ভূমিকা শেষ হয়ে যাবে।

তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং কূটনৈতিক মিশনের প্রধানদের সাথে বৈঠকে বক্তব্য রাখেন আরাগচি। এসময় তিনি বলেন, ‘যদি ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রক্রিয়া সামনে নিয়ে এগিয়ে যায়, তাহলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা আরো জটিল হয়ে উঠবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন