জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরাইল সরকারের ‘অবৈধ নীতি ও পদক্ষেপ’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের সামনে ‘স্পষ্টভাবে উন্মোচিত’ হয়েছে। তিনি বলেন, শিশু হত্যাকাণ্ড, বিদ্যালয় ধ্বংস এবং বেসামরিক মানুষকে অনাহারে রাখার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদী কণ্ঠ ক্রমেই জোরালো হচ্ছে।
এক্সে দেওয়া এক পোস্টে সাফাদি বলেন, ইসরাইলের মুখপাত্ররা ইতিহাসকে বিকৃত করার এবং আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য মরিয়া প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে তারা জাতিসংঘ, মানবিক সহায়তা সংস্থা এবং আন্তর্জাতিক নেতাদেরও নিশানা করছেন বলে অভিযোগ করেন তিনি।
সাফাদি বলেন, জর্ডান ‘দখলদারিত্বের অমানবিকতা’ বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং ইসরাইলের সম্প্রসারণবাদ নিয়ন্ত্রণে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে। তার ভাষায়, ইসরাইল সরকার ‘পুরো অঞ্চলের ভবিষ্যতকে সংঘাত ও দুর্ভোগের কাছে জিম্মি করে রেখেছে’।
সাফাদি আরো বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, ফিলিস্তিনি জনগণের ওপর আরোপ করা অবিচার, নিপীড়ন ও বঞ্চনা এবং আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার জন্য ইসরাইল সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, এসব সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


