১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরো ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটেছে। এতে তেল সরবরাহ আরো কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়।। এরপর দাম ১০০ ডলারের ওপরেই রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এটি ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুতও কমছে। এর প্রভাব পড়েছে তেলের দামের পূর্বাভাসে। চলতি বছর ও আগামী বছরের জন্য তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

ইআইএর নতুন পূর্বাভাস বলছে, চলতি বছর বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় দাম স্পট মার্কেটে ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি।

চলতি বছর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের গড় দামও বাড়িয়ে ৮৪ দশমিক ৬৫ ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছে ইআইএ। আগের পূর্বাভাসের তুলনায় এই দামও প্রায় ৫ শতাংশ বেশি।

তবে ইআইএর এই পূর্বাভাস বর্তমান পরিস্থিতির পুরো চিত্র দিচ্ছে না। কারণ প্রতিবেদনটি ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে।

ফলে সর্বশেষ সংঘাত ও তেল সরবরাহে সম্ভাব্য নতুন বিঘ্নের প্রভাব ইআইএর ওই পূর্বাভাসে ধরা পড়েনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন