লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল যখন শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত, তখন দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুড়ছে ভয়াবহ দাবানলে। শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় দাবানলের তাণ্ডব। এরই মধ্যে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।

বিবিসি জানিয়েছে, প্রথমে ১০ একর এলাকাজুড়ে শুরু হয় অগ্নিকাণ্ড। মাত্র কয়েক ঘণ্টায় তা ছড়িয়ে পড়ে বিশাল এলাকাজুড়ে। দমকা বাতাস ও শুষ্ক অবস্থার কারণে এর বিস্তৃতি ছড়িয়ে পড়ে দুই হাজার ৯০০ একরেরও বেশি এলাকাজুড়ে। ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পুড়ে গেছে বহু ঘরবাড়ি ও গাড়ি এবং হুমকির মুখে পড়েছে ১৩ হাজার ভবন।

বিজ্ঞাপন

স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাতেই ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্য এলাকার এক হাজার ২৬০ একর জায়গাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে ওই এলাকার বিলাসবহুল বাড়িঘর। দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত বাসিন্দারা প্যাসিফিক প্যালিসেডস পার্বত্য এলাকায় ঢোকা ও বের হওয়ার একমাত্র রাস্তাটির মধ্যে তাদের গাড়ি ফেলে রেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে হেঁটেই রওনা হন। ফলে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। লস অ্যাঞ্জেলেসের ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন, প্যাসিফিক প্যালিসেডস ‘বিপদমুক্ত নয়’।

এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ভয়ংকর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে ফেডারেল সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় কাজ করছেন ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী। স্থলভাগের পাশাপাশি বিমান থেকেও আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে দাবানল বিস্তৃত হয়ে এর তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তুষারঝড় ও দাবানল জনজীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন