পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ ও দাবির প্রতি আইনজীবীদের সমর্থন

পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ ও দাবির প্রতি আইনজীবীদের সমর্থন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ ও দলটির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে অল পাকিস্তান লয়ার্স অ্যাকশন কমিটি। সংগঠনটি বলেছে, দেশটিতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এ কর্মসূচি ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার কোয়েটায় প্রকাশিত এক বিবৃতিতে কমিটির চেয়ারম্যান আলী আহমেদ কুর্দ এবং বিভিন্ন বার অ্যাসোসিয়েশন ও আইনজীবী পরিষদের প্রতিনিধিরা পিটিআইয়ের কর্মসূচির প্রতি সমর্থন জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে আইনজীবীরা বলেন, এ আন্দোলনের লক্ষ্য সংবিধান ও আইনের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ ও সংসদ নিশ্চিত করা এবং দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তারা পাকিস্তানের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক ও মানবাধিকারকর্মীদের কথিত বেআইনি গ্রেপ্তার, মূল্যস্ফীতি এবং ব্যাপক অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশজুড়ে আটক দলটির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।

আইনজীবী সংগঠনটি সরকারের প্রতি পিটিআইয়ের সব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটির শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে আরো সতর্ক করা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গভর্নরের শাসন জারি করা হলে অথবা কোনো ‘অগণতান্ত্রিক পদক্ষেপ’ নেওয়া হলে আইনজীবীরা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করবেন।

পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনজীবীদের এ সমর্থন দলটির দাবিগুলোকে ঘিরে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে সরকারের পক্ষ থেকে এসব দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন