তীব্র তাপপ্রবাহে স্পেনে চলতি সপ্তাহে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দুটি দিনের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক তথ্যে এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। খবর আনাদোলুর।
স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা (এএইএমইটি) জানায়, মঙ্গলবার মূল ভূখণ্ডজুড়ে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯৫০ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই জুন মাসের সবচেয়ে উষ্ণ দিন।
সংস্থাটি আরও জানায়, সোমবার ছিল জুন মাসের দ্বিতীয় উষ্ণতম দিন এবং রোববার ছিল অষ্টম উষ্ণতম দিন।
বৃহস্পতিবার দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও বুধবারও পরিস্থিতি ছিল অত্যন্ত গরম। বিশেষ করে উত্তরাঞ্চলে চরম ঝুঁকির কারণে লাল সতর্কতা জারি করেন আবহাওয়াবিদরা।
বিলবাও বিমানবন্দরে রোববার, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রেকর্ড শুরুর পর এই প্রথম এক বছরে সেখানে তিনবার ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হলো।
উত্তরাঞ্চলের কান্তাব্রিয়া অঞ্চলেও সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সেখানে পারদ উঠেছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিম ইউরোপজুড়ে স্থায়ী ‘হিট ডোম’ এবং সাহারা মরুভূমি থেকে উত্তরমুখী উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে এ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, রোববার থেকে বুধবার পর্যন্ত তাপজনিত কারণে অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


