ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা এখনো আনুষ্ঠানিক নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার মানুষ চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত।
ভেনেজুয়েলায় অবস্থানরত এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পে ভবন ধসে পড়েছে এবং সড়কে বিশাল ফাটল সৃষ্টি হয়েছে। দীর্ঘ ছুটির সপ্তাহের কারণে ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ নিজ নিজ বাড়িতেই ছিলেন।
রাজধানী কারাকাসে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দেশটির একটি বিরোধী রাজনৈতিক জোট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন লিংক চালু করেছে, যেখানে নাগরিকদের নিখোঁজ স্বজনদের তথ্য জানাতে বলা হয়েছে। সেই তালিকায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত হয়েছেন।
তবে এই সংখ্যা শুধুমাত্র তাদেরই, যারা ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন এবং নিখোঁজের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে সক্ষম হয়েছেন। ফলে প্রকৃত নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


