যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনি প্রচার শিবিরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর ভোট কমাতে একই নামে আরেকজনকে নির্বাচনে দাঁড় করানোর অভিযোগে তার প্রচার শিবিরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দেওয়ানি জরিমানার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি এ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে ড্যান জে সুলিভান নামে এক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করার সঙ্গে পেলটোলার প্রচার শিবিরের সংশ্লিষ্টতা ছিল।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডানলিভি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে ভোটারদের অন্য কারও পক্ষে ভোট দিতে প্ররোচিত করা নির্বাচনের সততাকে আঘাত করে।’ আইন ভঙ্গের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি।
নির্বাচনে একই নামের দুই ড্যান সুলিভানের উপস্থিতি নিয়ে রিপাবলিকানরা আপত্তি তুলেছেন। তাদের একজন দুই মেয়াদে নির্বাচিত বর্তমান মার্কিন সিনেটর। অন্যজন দক্ষিণ-পূর্ব আলাস্কার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যক্তি, যার রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত।
রিপাবলিকানদের অভিযোগ, ভোট ভাগ করে বর্তমান সিনেটরের পুনর্নির্বাচনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতেই নতুন প্রার্থীকে দাঁড় করানোর কৌশল নিয়েছে ডেমোক্র্যাটরা।
তবে অন্য ড্যান সুলিভানকে নির্বাচনে নামানোর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে পেলটোলার প্রচার শিবির।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেলটোলার প্রচার শিবিরের কর্মকর্তারা এবং ডেমোক্র্যাটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটি (ডিএসসিসি) আলাস্কায় ড্যান সুলিভান নামের অন্য ব্যক্তিদের খুঁজে বের করে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। পেলটোলার সাবেক প্রচার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, নথি ও খুদে বার্তার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


