শরীয়তপুরে দুই বাসের সংঘর্ষে এনা পরিবহনের সুপারভাইজার নিহত, আহত ৭

শরীয়তপুরে দুই বাসের সংঘর্ষে এনা পরিবহনের সুপারভাইজার নিহত, আহত ৭

শরীয়তপুরের জাজিরায় ঢাকা অভিমুখী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন কালু বেপারী কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ‘এনা এক্সপ্রেস’-এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার আঙ্গারিয়া এলাকায়; তিনি সাত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা অভিমুখী ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৭৭) কালু বেপারী কান্দি এলাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘এনা এক্সপ্রেস’-এর আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৪৭২) দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম। এ সময় সংঘর্ষে দুই বাসের অন্তত সাতজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে ভর্তি করেন। তাঁরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি জব্দ করেন এবং নিহতের মরদেহ উদ্ধার করেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ধরনের সড়ক দুর্ঘটনায় অনেক সময় ভুক্তভোগী পরিবার মামলা করতে আগ্রহী হয় না, সে ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন