সিলেট নগরীর বিসিক শিল্পনগরীতে প্রতি লিটার ভোজ্যতেলে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়া এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য বোতলজাতকরণের অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বিএসটিআই ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, অভিযানে প্রতিষ্ঠানটির বোতলজাত ভোজ্যতেলে নির্ধারিত পরিমাণের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম তেল পাওয়ার বিষয়টি ধরা পড়ে। এর ফলে ভোক্তারা পণ্যের গায়ে উল্লেখিত পরিমাণ অনুযায়ী তেল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। পাশাপাশি বিএসটিআইয়ের কোনো ধরনের অনুমোদন ছাড়াই তেল বোতলজাত করার বিষয়টিও অভিযানে স্পষ্ট হয়।
অভিযানকালে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ হাজার বোতল ভোজ্যতেল পুনরায় সঠিক পরিমাপে বোতলজাত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের সঠিক ওজন ও পরিমাণ নিশ্চিতকরণ এবং বাজারে এ ধরনের কারচুপি প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


