ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জয়সওয়াল। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে যখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে, তখন গত ১৬ বছর আওয়ামী লীগের সহযোগী প্রতিবেশী দেশ ভারত এই বক্তব্য দিল।
সংবাদ সম্মেলনে কয়েক দিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’ বলে যে অভিযোগ করেছিলেন, তা নাকচ করেছেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। বাংলাদেশ সরকার যেহেতু উদ্বিগ্ন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শাসনব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের ওপরই বর্তায়।
জয়সওয়াল বলেন, এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন, বাইরের কোনো শক্তি বা অন্য কেউ এ অস্থিতিশীলতার জন্য দায়ী, তখন এটা মনে হয় যে, আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না, বরং দায় এড়ানোর কৌশল বলেই মনে হয়।
জয়সওয়াল আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন; যাতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

