ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আরো এক বছর পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তবে ইরান আলোচনার টেবিলে ফিরে এলে তার আগেই যুদ্ধের অবসান হতে পারে বলে আশা করছেন তিনি। এদিকে হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা ও সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে তেলের দামও বেড়ে চলেছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে যে যুদ্ধকে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা বলেছিলেন, সেটি আরও ১২ মাস পরও চলতে পারে। তবে ইরান তার আগেই অর্থবহ আলোচনায় বসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওয়াল্টজের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধের প্রধান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তার অভিযান ও চাপ অব্যাহত রাখতে পারে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা এবং দেশটির অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে একটি অর্থবহ চুক্তিতে পৌঁছানো।
তিনি আরো বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ ও ফিন্যান্সিয়াল টাইমস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


