রাশিয়া জুলাই মাসে ইউক্রেনে ছয় হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। যা ২০২২ সালে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরুর পর সর্বোচ্চ। ২০২৪ সালের জুলাই মাসের তুলনায় ইউক্রেনে ১৪ গুণেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের সংবাদমাধ্যমের বরাতে রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এসব ড্রোন হামলায় অনেক মানুষ নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। অনেক বাড়িঘর, একটি কিন্ডারগার্টেন এবং অ্যাম্বুলেন্সসহ বেসামরিক বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্যে দেখা গেছে, রাশিয়া গত মাসে ইউক্রেনে ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে, যা জুনের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।
অন্যদিকে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, জুলাই মাসে রাশিয়া রেকর্ড ৬ হাজার ১২৯টি শাহেদ-ধরনের ড্রোন হামলা চালিয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৪ গুণ বেশি। ওই সময় রাশিয়া মাত্র ৪২৩টি ড্রোন হামলা চালিয়েছিল।
ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, রাশিয়ার ড্রোন হামলার প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে; কারণ এই পরিসংখ্যান অনুমানের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে।
গত ৯ জুলাই মাত্র এক রাতে, রাশিয়ার বাহিনী পশ্চিম ইউক্রেনে রেকর্ড ৭৪১টি ড্রোন এবং ডিকয় হামলা চালায়; যা গত বছরের পুরো জুলাই মাসে চালানো মোট ড্রোন হামলার চেয়ে বেশি।
৯ জুলাই রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের সুমি, ডোনেটস্ক এবং খেরসন অঞ্চলে কমপক্ষে আটজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনে ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ পাঠানোর ঘোষণার একদিন পরই হামলাটি ঘটে।
রাশিয়ার ভারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মাসের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। সর্বশেষ গত ৩১ জুলাই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৫৯ জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই হামলায় ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এএফপি জানায়, জুলাই মাসে ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, যা জুন মাস ছাড়া এই বছরের যেকোনো মাসের চেয়ে বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে, জুন মাসে রাশিয়া যে ড্রোন নিক্ষেপ করেছে তার সংখ্যা ছিল জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ, মোট ৫ হাজার ৩৩৭টি।
দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হলেও এখন পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


