গাজায় ইসরাইলি আগ্রাসনে এক দিনে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরাইলি আগ্রাসনে এক দিনে নিহত ৪৮

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি আগ্রাসনের ৪৫০তম দিন পার হয়েছে রোববার। ইসরাইলি হামলায় একদিনে গাজার বিভিন্ন স্থানে ৪৮ জন নিহত হয়েছেন।

গত শনিবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একদিনে গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলায় ৪৮ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। এই নিয়ে চৌদ্দ মাসের আগ্রাসনে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার চারশ ৮৪ জন। অপরদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ৯০ জনে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা শহরের আল-নাফাক সড়কে এক বাসভবনে ইসরাইলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় আরও এক ব্যক্তি নিহত হন।

গাজা শহরের আল-ওয়াফা হাসপাতালের ইসরাইলি বাহিনীর হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফার কাফ-মিরাজে ইসরাইলি বোমা হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। এছাড়া রাফার আল-নাসর মহল্লায় ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর ধ্বংস করে দেওয়া কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবি উঠেছে বিশ্বজুড়ে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালাম্যারদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ডা. আবু সাফিয়ার গ্রেপ্তারের বিষয়ে বিশ্ববাসীকে নজর দেওয়ার আহ্বান জানান।

ক্যালাম্যারদ ডা. আবু সাফিয়াকে মানবাধিকার রক্ষক হিসেবে বর্ণনা করেন।

অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ডা. আবু সাফিয়ার মুক্তির দাবি করছেন নেটিজেনরা।

এর আগে শুক্রবার উত্তর গাজার সর্বশেষ কার্যকর থাকা কামাল আদওয়ান হাসপাতাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। ইসরাইলি সেনারা হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াসহ বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে তাদের কোথায় রাখা হয়েছে তার কোনো হদিস পাওয়া যায়নি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে গাজার হাসপাতালগুলোকে ইসরাইলি আগ্রাসন থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে গাজার হাসপাতালগুলোতে ইসরাইলি বাহিনীর মিথ্যা অভিযোগে আগ্রসন রোধ করতে জাতিসংঘের পর্যবেক্ষক নিয়োগের দাবি করা হয়। একইসঙ্গে গাজার হাসপাতালগুলোতে ইসরাইলি হামলা রোধ করতে এগিয়ে আসার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

এদিকে ইসরাইলি বর্বরতার মধ্যেই উত্তর গাজা থেকে ইসরাইলের মূল ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, পশ্চিম জেরুসালেম লক্ষ্য করে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়।

গাজায় আগ্রাসনের মধ্যেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে গ্রেপ্তারি অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। পশ্চিম তীরের জেরুসালেম, নাবলুস, জেনিন, জেরিকো, রামাল্লাসহ বিভিন্ন শহর ও সংলগ্ন অঞ্চলে অভিযান চালাচ্ছে ইসরাইলিরা।

এদিকে জেনিনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ-পিএর অধীন নিরাপত্তা বাহিনীর গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। নিহত শাযা আল-সাব্বাক আল কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নের পাশাপাশি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন।

প্যালিস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট নিহত নারী সাংবাদিকের হত্যার তদন্তের দাবি জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন