আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের আলোচনা

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসীম মুনির আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা পারস্পরিক সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা নিয়েও আলোচনা করেন। জার্মানিতে ৬২তম মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের সাইড লাইন বৈঠকে গত শনিবার এ আলোচনা হয়।

নিরাপত্তা সম্মেলন উপলক্ষে পাকিস্তানের সেনাপ্রধান গত ১২-১৪ ফেব্রুয়ারি জার্মানি সফর করেন। মার্কো রুবিও ছাড়াও তিনি জার্মানির কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আসীম মুনির ব্রাজিল ও লেবাননের সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে বৈশ্বিক শান্তিকে এগিয়ে নেওয়া।

বিজ্ঞাপন

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাকিস্তানের আসীম মুনির ও মার্কো রুবিওর মধ্যে বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আসীম মুনির জার্মান কর্তৃপক্ষ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া লেবানন ও ব্রাজিলের সামরিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব বৈঠকে তারা সমসাময়িক নিরাপত্তা ইস্যু, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন।

জার্মান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তিনি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট, জার্মান চ্যান্সেলরের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা নীতিবিষয়ক উপদেষ্টা গুন্টার সাওটার এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল কারস্টেন ব্রিউয়ারের সঙ্গে বৈঠক করেন।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ফিল্ড মার্শাল আসীম মুনির ব্রাজিল প্রতিরক্ষা বাহিনীর চিফ অব দ্য জয়েন্ট স্টাফ অ্যাডমিরাল রেনাটো রড্রিগুয়েস দ্য আগুয়ের ফ্রেইরের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এতে আরো বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসীম মুনির লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল রোডলফ হেকালের সঙ্গে বৈঠক করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন