ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।
এরপর রাতে ইরান ওই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এ পর্যন্ত তিনজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।
ইরানে নিহত হওয়া হাই-প্রোফাইল কমান্ডারদের সম্পর্কে যা জানা যাচ্ছে।
মোহাম্মদ বাঘেরি
ইরানের সর্বোচ্চ র্যাংকের সেনা কর্মকর্তা ছিলেন মোহাম্মদ বাঘেরি। ইরানের সশস্ত্র বাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব রত ছিলেন তিনি। অর্থাৎ, তিনি রেভলিউশনারি গার্ডস ও সেনাবাহিনী – এই দুই বাহিনীরই প্রধান ছিলেন। ১৯৮০ সালে ২০ বছর বয়সে বাঘেরি আইআরজিসিতে যোগ দেন।
তিনি এবং তার ভাই আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় আইআরজিসির গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করতে বড় ভূমিকা রাখেন। অন্য কমান্ডারদের চেয়ে তাকে অপেক্ষাকৃত কম কট্টরপন্থী মনে করা হতো।
গত এপ্রিলে এক ভাষণে যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলায় ইরানে কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
হোসেইন সালামি
ইরানের রেভলিউশনারি গার্ডস, আইআরজিসির কমান্ডার ইন চিফ ছিলেন হোসেইন সালামি। বাঘেরির মত হোসেইন সালামিও ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় আইআরজিসিতে যোগ দিয়েছিলেন। পরে ২০০৯ সালে তিনি ডেপুটি কমান্ডার এবং ২০১৯ সালে বাহিনীর কমান্ডার হন।
তিনি মূলত একজন সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্যও তার খ্যাতি ছিল।
গতমাসে এক ভাষণে তিনি বলেছিলেন, ইসরাইলের বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তাদের জন্য 'নরকের দরজা খুলে যাবে'।
গোলামালি রাশিদ
আইঅরজিসির খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান ছিলেন গোলামালি রাশিদ। এই বিভাগটি আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর যৌথ অভিযানগুলোর মধ্যে সমন্বয় করতো। আশির দশকে ইরাক ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন গোলামালি রশিদ। পরে ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
আমির আলি হাজিযাদেহ
আইআরজিসির এরোস্পেস ফোর্স বা বিমান ও মহাকাশ সংশ্লিষ্ট বাহিনীর প্রধান ছিলেন আমির আলি হাজিযাদেহ। ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম সংশ্লিষ্ট কর্মসূচির একজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন তিনি।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস, আইডিএফ জানিয়েছে, আইআরজিসির বিমানবাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের সাথে মাটির নিচে একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন আমির আলি হাজিযাদেহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

