৩১ বছর পর টেক্সাসে গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা

৩১ বছর পর টেক্সাসে গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা
ছবি: এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী ও অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য জিনা হিনোজা। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, তার এই জয়ে ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো টেক্সাসের গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা।

এই জয়ের মধ্য দিয়ে টেক্সাসের প্রথম হিস্পানিক নারী গভর্নর হতে যাচ্ছেন হিনোজা। নির্বাচনে অ্যাবটের প্রচারে তার তুলনায় কয়েক কোটি ডলার বেশি ব্যয় হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন ডেমোক্র্যাট প্রার্থী।

বিজ্ঞাপন

রিও গ্র্যান্ডে ভ্যালিতে জন্ম ও বেড়ে ওঠা হিনোজা ২০১৬ সালে টেক্সাসের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে আসার আগে তিনি নাগরিক অধিকার ও শ্রমিকদের অধিকার নিয়ে আইনজীবী হিসেবে কাজ করেছেন। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও সংস্কার ছিল তার নির্বাচনি প্রচারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি।

নির্বাচনি প্রচারে ডেটা সেন্টার নির্মাণে অ্যাবটের সমর্থনেরও সমালোচনা করেন হিনোজা। তার অভিযোগ, ধনকুবেরদের স্বার্থ রক্ষা করতে গিয়ে অ্যাবট টেক্সাসের সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করেছেন। পাশাপাশি স্প্যানিশ ভাষায় প্রচার চালিয়ে হিস্পানিক ভোটারদের সমর্থন আদায়েও সফল হন তিনি।

অন্যদিকে, হিনোজাকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রচার চালান অ্যাবট। বিশেষ করে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদ ও অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ স্বীকৃতিমূলক চিকিৎসার বিষয়ে হিনোজার অতীত অবস্থানকে নির্বাচনি প্রচারে ব্যবহার করেন তিনি।

নির্বাচনের আগে দুই প্রার্থীর মধ্যে কোনো সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়নি। বিতর্কে অংশ না নেওয়ায় অ্যাবটের সমালোচনা করেন হিনোজা। পরে অক্টোবরের মাঝামাঝি গভর্নরের বাসভবনের সামনে প্রতীকী বিতর্কের আয়োজন করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টেক্সাসে জনমিতিক পরিবর্তন, রিপাবলিকানদের প্রতি ভোটারদের অসন্তোষ এবং ডেটা সেন্টার ও শিক্ষা খাতের মতো ইস্যুতে হিনোজার অবস্থান তার ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: এনবিসি নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন