ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার

ফ্রান্সের পর এবার ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল কানাডা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্রান্সের পর এবার ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল কানাডা
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। ছবি: সংগৃহীত

গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় থাকা বেসামরিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, বিষয়টি নিয়ে কানাডার কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স।

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিতা আনন্দ বলেন, গাজা ফ্লোটিলায় থাকা বেসামরিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং ইতামার বেন-গভির যে ভিডিওটি শেয়ার করেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, সহিংসতায় উসকানিমূলক বক্তব্যের কারণে এরই মধ্যে বেন-গভিরের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা। আনন্দ বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা এবং মানবিক মর্যাদার প্রতি সম্মান সব পরিস্থিতিতেই নিশ্চিত করতে হবে।

এদিকে, রেডিও-কানাডার এক সাংবাদিক কানাডীয় কোনো নাগরিক ওই ফ্লোটিলায় ছিলেন কি না এবং তাদের আটক করা হয়েছে কি না এমন প্রশ্ন করলে অনিতা আনন্দ বলেন, বিদেশে ভ্রমণকারী কানাডীয় নাগরিকদের সহায়তায় সরকার প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গাজামুখী ফ্লোটিলার অংশগ্রহণকারীরা ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা করেননি। তারা আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করে গাজার চলমান মানবিক সংকটের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তবে সেখানে ইসরাইলি বাহিনী তাদের বাধা দেয়। দীর্ঘদিনের অবরোধ ও চলমান যুদ্ধের কারণে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন