ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরানে অন্তত ‘আরো এক বা দুই সপ্তাহ’ অভিযান চালানোর পরিকল্পনা করছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধ শুরুর পাঁচদিন পর বুধবার এ ঘোষণা দেয় তেলআবিব। ইসরাইলি বাহিনী দাবি করেছে, বুধবার পর্যন্ত ইরানে পাঁচ হাজারের বেশি বোমা ফেলা হয়েছে। একইসঙ্গে তারা লেবাননে তেহরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন দফা হামলা শুরু করেছে বলেও জানায় ইসরাইল।
ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। ইসরাইলি বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, তাদের হামলায় হাজার হাজার ইরানি সেনা নিহত হয়েছেন।
ইসরাইলি গণমাধ্যম ইসরাইল টাইমস জানায়, সামরিক ব্রিফিংয়ের পর বাহিনী জানিয়েছে তারা ‘অন্তত আরও এক বা দুই সপ্তাহ’ অভিযান চালাবে এবং ইরানি শাসনব্যবস্থার হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর লক্ষ্য রয়েছে।
এর আগে সেনাবাহিনী জানায়, তারা তেহরানে নতুন দফা হামলা শুরু করেছে। প্যারিস থেকে এএফপি জানায়, এএফপির এক সাংবাদিক ইরানি রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে নতুন বিস্ফোরণের খবর দেন।
সেনাবাহিনী জানায়, তারা তেহরানের নিরাপত্তা কমান্ড সেন্টারসহ ‘ডজনখানেক’ লক্ষ্যবস্তু এবং পশ্চিম ইরানের ইসফাহানে একটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। তেহরানের আকাশে একটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলকে লক্ষ্য করে ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের