হুথিদের হাতে ৬ সপ্তাহে ভূপাতিত আমেরিকার ৭ ড্রোন

হুথিদের হাতে ৬ সপ্তাহে ভূপাতিত আমেরিকার ৭ ড্রোন

ইয়েমেনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথিদের হাতে ছয় সপ্তাহে ভূপাতিত হয়েছে আমেরিকার সাতটি ড্রোন। ভূপাতিত এ ড্রোনগুলোর মোট মূল্য ২০ কোটি ডলার (বাংলাদেশি দুই হাজার ৪০০ কোটি টাকা)।

শুক্রবার আমেরিকার নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি। গত ৩১ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এ ড্রোনগুলো ভূপাতিত করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে গত সপ্তাহে তিনটি ড্রোন ভূপাতিত করেছে হুথি যোদ্ধারা। এর মাধ্যমে আমেরিকার আকাশযানের বিরুদ্ধে হুথিদের সক্ষমতা প্রকাশ করেছে।

প্রায় তিন কোটি ডলার মূল্যের প্রতিটি ড্রোন নজরদারি বা মিসাইল হামলার জন্য ব্যবহৃত হতো। গত ১৫ মার্চ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে হামলার নির্দেশের পর হুথিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের ভূখণ্ডে বিমান হামলার সঙ্গে সঙ্গে ড্রোন হামলাও চালিয়েছে আমেরিকান সেনারা।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, ওই সাতটি ড্রোন গত ৩১ মার্চ, ৩, ৯, ১৩, ১৮, ১৯ ও ২২ এপ্রিল হুথি যোদ্ধারা গুলি করে ভূপাতিত করে।

নাম না জানানোর শর্তে আমেরিকার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এপিকে জানান, ড্রোন হারানোর এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ডেভ ইস্টবার্ন বলেন, আমেরিকান বাহিনী ইয়েমেনে আট শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এ হামলার মাধ্যমে হুথিদের কমান্ড সেন্টার, অস্ত্রের গুদাম ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং শত শত হুথি যোদ্ধা ও নেতাদের হত্যা করা হয়েছে। তবে তার এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরের বাণিজ্যপথ ইসরাইল ও তার মিত্র আমেরিকা-ব্রিটেনের জন্য বন্ধ করে দেয়। এর প্রতিক্রিয়ায় হুথিদের লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে আমেরিকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন