ভারতের ঝাড়খন্ডে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

ভারতের ঝাড়খন্ডে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

ভারতের ঝাড়খন্ড রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ তীর্থযাত্রী নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার পূর্ব ভারতে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে রান্নার গ্যাসসিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঝাড়খন্ড রাজ্যের দুর্ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবিতে দুর্ঘটনাকবলিত বাসের ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসটির পেছনের অংশ প্রায় পুরোপুরি উড়ে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে সামাজিকমাধ্যমে জানিয়েছেন, বাসভর্তি তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপন করতে একটি হিন্দু মন্দিরে যাচ্ছিলেন। উপমহাদেশে বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই এই ‘শ্রাবণ মাস’ পালিত হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ঝাড়খন্ডের দেওঘরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। দেশটিতে প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

পরিবহনমন্ত্রী নীতিন গডকরি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালে এক লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন