ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটগ্রহণের পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসানের পর নতুন সরকার গঠনে এই প্রথম ভোট দিলেন দেশের কোটি কোটি মানুষ। নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান ও সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ডেভিড ড্রেয়ার নির্বাচনকে “অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর” হিসেবে উল্লেখ করেন। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের ইতিহাসে আজ এক রোমাঞ্চকর দিন। প্রথমবারের মতো বাংলাদেশে এসে সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ ও নির্বাচনী আমেজ দেখেছি, তা সত্যিই মুগ্ধ করার মতো।” তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
পাকিস্তানের নির্বাচন কমিশনের মহাপরিচালক নিঘাত সিদ্দিকীও নির্বাচনের পরিবেশকে অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক বলে মন্তব্য করেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, “মানুষ আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। পরিবর্তনের পক্ষে এই ‘হ্যাঁ-না’ ভোটে ব্যাপক আগ্রহ দেখা গেছে।” বিশেষ করে নারী, তরুণ ও প্রবীণদের দীর্ঘ সারি নির্বাচনকে অংশগ্রহণমূলক করেছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাকে দক্ষ বলে প্রশংসা করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করছেন। প্রায় ১০ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোটার উপস্থিতির হার রেকর্ড করা হয়েছে ৪৭.৯ শতাংশ। তবে চূড়ান্ত ফলাফল ও সঠিক উপস্থিতির হার জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কমিশন সচিবালয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। মোট ৫১টি রাজনৈতিক দল এবং ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

