নেপাল পুনর্গঠনে বালেন্দ্রকে ১৬০ কোটি ডলার সহায়তা প্রস্তাব মোদির

নেপাল পুনর্গঠনে বালেন্দ্রকে ১৬০ কোটি ডলার সহায়তা প্রস্তাব মোদির

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া প্রতিবেশী নেপালকে ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে এক যৌথ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

মোদি বলেন, গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় ভারত গভীরভাবে শোকাহত। দেশটির পুনর্গঠনে সহায়তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি সঞ্চার করতে ২৪ হাজার কোটি নেপালি রুপি বা ১৬০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।

তবে প্রস্তাবিত এই উন্নয়ন প্যাকেজের আওতায় কোন কোন খাতে সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ভারত।

গত মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে প্রথম সফরে গেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রোববার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে সামরিক গার্ড অব অনার দেওয়া হয়। র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা বালেন্দ্র ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকারের পতনের পর ক্ষমতায় আসেন।

সোমবার দুই নেতার বৈঠকের আগে মোদি বালেন্দ্রকে উষ্ণ অভ্যর্থনা জানান। ৭৬ বছর বয়সী মোদি সাদা পোশাকে ছিলেন। অন্যদিকে ৩৬ বছর বয়সী শাহের পরনে ছিল কালো পোশাক এবং চোখে ছিল তার পরিচিত সানগ্লাস। নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শুরুতে বিদেশ সফর থেকে বিরত ছিলেন শাহ।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রথম বিদেশ সফর করেন তিনি। ওই সময় হিমবাহধস থেকে সৃষ্ট সুনামির মতো ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল নেপাল। ওই দুর্যোগে দেশটিতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং নিখোঁজ হন আরও প্রায় ৫ হাজার মানুষ।

ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় জোর

বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। নেপাল সরকারের হিসাব অনুযায়ী, ভয়াবহ বন্যার পর দেশটির পুনর্গঠনে প্রায় ৪৭৮ কোটি ডলার ব্যয় হবে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

গত অক্টোবরে জাতিসংঘের জলবায়ু ক্ষতি ও লোকসান তহবিল নেপালকে ২ কোটি ডলার সহায়তা দিতে সম্মত হয়। একক আবেদনের ভিত্তিতে কোনো দেশকে দেওয়া এটিই ছিল তহবিলটির সর্বোচ্চ বরাদ্দ। প্রথমবারের মতো কোনো দেশের জন্য এই তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়।

প্রায় ৩ কোটি মানুষের দেশ নেপাল স্থলবেষ্টিত হিমালয় অঞ্চলীয় রাষ্ট্র। দীর্ঘদিন ধরেই দেশটিকে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।

মোদি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করা, নতুন সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা আরো জোরদার করাই ভারতের অঙ্গীকার।

বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে। আর্থিক হিসাবে এর পরিমাণ প্রায় ৮৬০ কোটি ডলার। অন্যদিকে চীন থেকে আসে নেপালের ১৩ শতাংশ আমদানি, যার পরিমাণ প্রায় ১৮০ কোটি ডলার।

মোদি বলেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের মধ্যে গভীর যোগাযোগের ভিত্তিতে গড়ে উঠেছে।

এদিকে দুই দেশের নেতারা একটি আন্তঃসীমান্ত রেলপথ, ৬৬৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র, সম্প্রসারিত পেট্রোলিয়াম পাইপলাইন এবং নতুন একটি তেল সংরক্ষণ টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।

বালেন্দ্র শাহ বলেন, নেপাল ও ভারতের মধ্যকার বন্ধুত্ব এমন হওয়া উচিত, যেখানে বিশ্বাস হিমালয়ের মতো সুউচ্চ হবে, সহযোগিতা নদীর মতো নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হবে এবং অভিন্ন আকাশের নিচে উভয় দেশের সমৃদ্ধি বিকশিত হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...