মেক্সিকোর উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ১১, উদ্ধার ১৬

মেক্সিকোর উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ১১, উদ্ধার ১৬
মার্কিন কোস্টগার্ড ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে উত্তোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৬ অক্টোবর 2026। ছবি: এপি

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। নিখোঁজ রয়েছেন আরো ১১ জন। তাদের সন্ধানে শুক্রবারও তল্লাশি চলছিল।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, শুক্রবার নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে তারা উদ্ধার অভিযান শুরু করে। নৌকাটি মেক্সিকোর এনসেনাদা শহর থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে ডুবে যায়।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট সান্তিয়াগো তামবুরিনি জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে নৌকাটি থেকে বিপৎসংকেত পাঠানো হয়। এর প্রায় দুই ঘণ্টা পর উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী সাঁতারুসহ কোস্টগার্ডের কর্মীদের পানিতে থাকা ১৬ জনকে উদ্ধার করতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

মেক্সিকোর কনস্যুলেট জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই মেক্সিকোর নাগরিক। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাদের একজনকে হাঙরের কামড়ে আহত হওয়ার সন্দেহে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের হেলিকপ্টারে করে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সান দিয়েগোয় অবস্থিত মেক্সিকোর কনস্যুলেট জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। তল্লাশিতে দুটি হেলিকপ্টার, একটি স্থির ডানার বিমান, একটি কোস্টগার্ড জাহাজ এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে।

চোরাচালানের পরিচিত পথ

যে এলাকায় নৌকাটি ডুবেছে, সেটি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের পাচারের জন্য চোরাকারবারিদের ব্যবহৃত একটি পথ হিসেবে পরিচিত। তবে ওই এলাকায় মাছ ধরার নৌকা ও বিনোদনের জন্য ব্যবহৃত নৌযানও চলাচল করে।

কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল, কোথায় যাচ্ছিল এবং কী কাজে সেখানে ছিল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শুধু কিছু ভাসমান ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌকাটি কী ধরনের ছিল, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

লেফটেন্যান্ট তামবুরিনি বলেন, ওই এলাকায় মাছ ধরার নৌকা, অবকাশযাপনের নৌযান কিংবা ব্যক্তিগত বিনোদনের নৌকা চলাচল করতে পারে। নৌকাটিতে থাকা ব্যক্তিরা সেখানে কী করছিলেন, তা তারা জানেন না। তবে এলাকাটি চোরাচালানের সন্দেহভাজন পথ হিসেবে পরিচিত।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন