সৌদি আরবের ঐতিহ্যবাহী ও বিশ্বজুড়ে সম্মানিত ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’-য় এবার প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে নারী বিভাগ। ফলে আসন্ন ৪৬তম আসরে নারী প্রতিযোগীরাও আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এই ঐতিহাসিক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। রোববার (১০ মে) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।
প্রতিবছর মক্কার পবিত্র মসজিদ আল-হারামে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কোরআনিক আয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এসপিএ জানায়, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজের একটি প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান। ১৯৭৯ সালে প্রতিযোগিতাটি চালুর পর এবারই প্রথম নারী হাফেজদের জন্য সরকারিভাবে অংশগ্রহণের দ্বার খুলে দেওয়া হলো।
সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগকে প্রতিযোগিতার ইতিহাসে ‘একটি বড় মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এর মাধ্যমে বিশ্বের নারী ও পুরুষ— উভয় শ্রেণির কোরআনের খাদেমদের জন্য সমানভাবে এই আন্তর্জাতিক মঞ্চ উন্মুক্ত হলো।
এ বছরের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


