রাশিয়ায় বিষপ্রয়োগে বাশারকে হত্যাচেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় বিষপ্রয়োগে বাশারকে হত্যাচেষ্টা!

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ ডিসেম্বর মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বাস করা বাশার আল-আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করে তার ভয়ানক কাশির সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। পরে চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা হলে ওই অ্যাপার্টমেন্টেই তাকে চিকিৎসা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, পরদিনই অবশ্য বাশার আল-আসাদ সুস্থ হয়ে ওঠেন।

গত বছর ডিসেম্বরের শুরুতে বিরোধী যোদ্ধাদের ঝড়ো হামলার মুখে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেন বাশার আল-আসাদ।

রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, ‘এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি।

রুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: