পাকিস্তানের আকাশসীমা বন্ধ

এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হবে ৭২১০ কোটি টাকা

এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হবে ৭২১০ কোটি টাকা

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে। উত্তেজনার জেরে দুই দেশ পরস্পরের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিয়েছে। এ ঘটনাপ্রবাহের মধ্যেই ভারতের রাষ্ট্রীয় বেসামরিক বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া দেশটির সরকারের কাছে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় সংস্থাটির বছরে পাঁচ হাজার কোটি ভারতীয় রুপি (বাংলাদেশি সাত হাজার ২১০ কোটি টাকা) ক্ষতি হবে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কাছে রোববার এক চিঠির মাধ্যমে ভর্তুকির জন্য আবেদন করে এয়ার ইন্ডিয়া। ওই চিঠিতে বলা হয়, ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘপথ ঘুরে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। এর জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।

চিঠিতে বলা হয়, এ অবস্থা যদি এক বছর স্থায়ী হয়, তাহলে এয়ার ইন্ডিয়ার পাঁচ হাজার কোটি রুপি ক্ষতি হবে।

এ ক্ষতি কাটানোর জন্য সরকারের কাছে ওই চিঠির মাধ্যমে ভর্তুকির আবেদন করে এয়ার ইন্ডিয়া।

রয়টার্সের হাতে ওই চিঠির একটি কপি এসেছে। এ বিষয়ে রয়টার্স এয়ার ইন্ডিয়ার কাছে জানতে চাইলে কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকার করে সংস্থাটি। অপরদিকে ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।

এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হন।

হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। একইসঙ্গে ইসলামাবাদের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি।

ভারতের পানি চুক্তি স্থগিতের প্রতিবাদে গত ২৪ এপ্রিল দেশটির বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। একইসঙ্গে তারা সিমলা শান্তি চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দেয়।

পাকিস্তানের আকাশসীমা বন্ধের জেরে ভারত বুধবার দেশটির বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের ওপর এ নিষেধাজ্ঞা সামান্যই প্রভাব ফেলবে। কেননা পাকিস্তানের রাষ্ট্রীয় বেসামরিক বিমান পরিবহন সংস্থা পিআইএ শুধু মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ভারতের আকাশসীমা ব্যবহার করে।

শুধু এয়ার ইন্ডিয়া নয়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার জেরে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় অন্যান্য বিমান পরিবহন সংস্থাও। ভারতীয় বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তাদের ৫০টির বেশি আন্তর্জাতিক রুট পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার জেরে প্রভাবিত হয়েছে।

এদিকে পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনার জেরে দুই দেশকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। বৃহস্পতিবার আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

জেপি ভেন্স বলেন, ‘আমরা আশা করব ভারত এ সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে যাতে করে সীমান্তে কোনো আঞ্চলিক সংঘাতের সূচনা না হয়।’

একইসঙ্গে সন্ত্রাস দমনে ভারতের সঙ্গে সহযোগিতার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন