ভারতীয় সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধের সময়সীমা এক মাস বাড়াল পাকিস্তান। শুক্রবার দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর আগে গত মাসে পাকিস্তান সরকার দেশটির আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধের সময়সীমা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায়।
চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি কোনোরকম প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে। কিন্তু পাকিস্তান তা অস্বীকার করে এর নিরপেক্ষ তদন্ত দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দেশ দুটি সামরিক সংঘাতে জড়ায়। পরবর্তীতে দেশ দুটি আমেরিকার মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয়।
গত ২৪ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া বেশকিছু পদক্ষেপের পর দেশটি ভারতীয় সব ধরনের বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়।
পিএএর মুখমাত্র সাইফুল্লাহ খান বলেন, ভারতীয় সব বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের মালিকানাধীন এবং লিজ নেওয়া সব বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। সামরিক বাহিনীর বিমানগুলোও নিষেধাজ্ঞার আওতায় বলে জানান তিনি।
গত কয়েক মাসে প্রতিবেশী দেশ দুটি কয়েকবার নিজেদের আকাশসীমা একে অন্যের জন্য বন্ধ করেছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

