ইউক্রেন সংঘাতে মস্কোর নেওয়া সকল পদক্ষেপে ‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। রোববার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্র্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিন দিনের সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সেনা অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। যুদ্ধে মস্কোকে আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসানে কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে দেখা করেন। সেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কৌশলগত বিষয়ে আলাপ হয়। এতে গত বছর (২০২৪ সাল) স্বাক্ষরিত একটি অংশীদারিত্ব চুক্তির অধীনে আরো সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম ল্যাভরভকে বলেছেন, বৈশ্বিক ভূ-রাজনীতির আমূল পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে।
কিম বলেছেন, ‘ইউক্রেন সংকটের মূল কারণ নিরসনে রুশ নেতৃত্ব যে পদক্ষেপ নিচ্ছে, আমরা তা নিঃশর্তভাবে সমর্থন ও উৎসাহ দেব।’
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিম ও ল্যাভরভকে হাত মেলাতে ও আলিঙ্গন করতে দেখা গেছে। বৈঠকে কিম আরও বলেন, তিনি ‘বিশ্বাস করেন রুশ সেনা ও জনগণ নিশ্চয়ই বিজয় অর্জন করবে, কারণ তারা দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষায় পবিত্র লড়াই করছে।’
কেসিএনএ জানায়, বৈঠকে ২০২৪ সালের জুনে রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



